স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। কলম্বোতে মাত্র ১০৪ রানের লক্ষ্য ৩৯ বল আগেই ছুঁয়ে ফেলেছে সিকান্দার রাজার দল। 

ওমানকে গুঁড়িয়ে দেওয়ার কারিগর জিম্বাবুয়ের তিন পেসার ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। তিন জনই নেন ৩টি করে উইকেট। পরে ব্যাট হাতে আলো ছড়ান ব্রায়ান বেনেট। 

টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি ওমান। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাত্র ২৭ রানে তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।

পরে সুফিয়ান মেহমুদ ৩৯ বলে ২৫, বিনায়ক শুক্লা ২১ বলে ২৮ ও নাদিম খান ১৮ বলে ২০ রান করলে কোনোমতে একশ পার করে ওমান। 

৪ ওভারে এক মেডেনসহ ১৭ রানে ৩ উইকেট নেন এনগারাভা। এক মেডেন দিয়ে ১৬ রানে ৩ উইকেট নেন মুজারাবানি। আর ১৮ রানে ৩ উইকেট নেন ইভান্স। অর্থাৎ তিন পেসার মিলে ৪৮ রানে নেন ৯ উইকেট। 

রান তাড়ায় চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সের উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দলের ওপরে চাপ আসতে দেননি ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলর।

দুই ব্যাটার মিলে গড়েন ৬৮ রানের জুটি। জয়ের খুব কাছে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন ৩১ রান করা টেলর। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন বেনেট। 

সংক্ষিপ্ত স্কোর
ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (আমির ৫, জাতিন্দার ৫, হাম্মাদ ০, কারান ০, ওয়াসিম ৩, সুফিয়ান ২৫, বিনায়ক ২৮, রমানন্দি ১, নাদিম ২০, শাকিল ৪, ফয়সাল ৫*; এনগারাভা ৪-১-১৭-৩, মুজারাবানি ৪-১-১৬-৩, ইভান্স ৩.৫-০-১৮-৩, রাজা ৪-০-১৭-১, বেনেট ২-০-১৮-০, মাসাকাদজা ২-০-১২-০) 

জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, মারুমানি ২১, মায়ার্স ০, টেলর ৩১ আহত অবসর, রাজা ৫*; ফয়সাল ২-০-১৩-০, শাকিল ২-০-২৭-০, সুফিয়ান ৩-০-১২-২, নাদিম ৩-০-২৮-০, ওয়াসিম ২-০-১০-০, রমানন্দি ১-০-৯-০, কারান ০.৩-০-৬-০) 

ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

মন্তব্য করুন