অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের আসর। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। তার আগে সোমবার ২৬ সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পিটার বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল আনিকাকে নিয়ে। দলের সঙ্গী করার আগে তাঁর ট্রায়াল হয় ঢাকায়। সেখানে নজর কেড়েই এবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার। ইউরোপীয় কন্ডিশনে বেড়ে ওঠা আনিকার অন্তর্ভুক্তি দলের মাঝমাঠে শক্তি বাড়াবে বলে ধারণা করেন অনেকে। 

এই দলে আছেন চলমান নারী ফুটবল লিগে সর্বোচ্চ ২৫ গোল এবং সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ৭ গোল করা আলপি আক্তার।

গোলবারের দায়িত্বে রুপনা চাকমার সঙ্গে আছেন স্বর্না রানী মন্ডল এবং মিলি আক্তার। রক্ষণভাগে থাকছেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। মাঝমাঠে মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের সঙ্গে আনিকার সমন্বয় এখন দেখার বিষয়। অন্যদিকে, গোল করার মূল দায়িত্ব থাকছে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও উদীয়মান ফরোয়ার্ড সাগরিকার ওপর। দলের অধিনায়ক থাকছেন আফঈদা খন্দকার।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন আফঈদা-রুপনারা। 

এশিয়ান কাপে বাংলাদেশ দল
গোলকিপার: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। 

ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। 

মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন। 

ফরোয়ার্ড: উমেহ্লা মারমা, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। ‎

স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস

মন্তব্য করুন