প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ
প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিম আর ভোটের দিন ব্যালটে ছিল কুলফি আইসক্রিম। বগুড়ায় প্রতীকের অমিল থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার ৩৩২ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বগুড়া সদরে প্রতীকের অমিলে ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন।
প্রার্থী অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়৷ সেই প্রতীক নিয়েই প্রচারণা চালাই। বুধবার ভোট শুরু হওয়ার পর দেখি ব্যালটে বরাদ্দকৃত প্রতীকের সাথে মিল নেই। ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম প্রতীক দেয়া হয়েছে। এতে ভোটাররা প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে গিয়ে কাউকে পাইনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।
তৃতীয় ধাপে বগুড়ার তিন উপজেলায় ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ১৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন