বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০৭:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

ভোটযুদ্ধে রেকর্ড গড়লেন যুবলীগ সভাপতি লিটন পোদ্দার

ছবি: রূপালী বাংলাদেশ

রাজনীতির মাঠে স্মার্ট যুবলীগ লিডার খ্যাত লিটন পোদ্দার। তিনি তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদ্য সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদককে ভোটযুদ্ধে টেক্কা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক ও ব্যক্তি ইমেজে বিজয়ী হলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। 

বুধবার (২৯ মে) বগুড়া সদর উপজেলার ১৪৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

ভোটযুদ্ধে শুভাশীষ পোদ্দার লিটন (আনারস প্রতীক) ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়েছেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (ঘোড়া প্রতীক) ভোট পেয়েছেন ২৪ হাজার ১৮৫ এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট। 

বগুড়া সদর উপজেলায় মোট ভোটার ছিল ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৫ হাজার ৬৯৬ জন। এ নির্বাচনে প্রতীক নিয়ে বিভ্রান্তির কারণে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহমিনা আকতার রেশমী (ফুটবল প্রতীক) বিজয়ী হয়েছেন। 

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে শুরু থেকেই সাংগঠনিক ও ব্যক্তি ইমেজে এগিয়ে ছিলেন শুভাশীষ পোদ্দার লিটন। নেতা প্রার্থী হওয়ায় যুবলীগের সব ইউনিটের নেতাকর্মীরা ভোটের মাঠে সরব প্রচারণা করেন। লিটনের পক্ষে জোট বাঁধেন সব শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে দরিদ্র পরিবারের দুঃসময়ে পাশে থাকায় খেটে খাওয়া মানুষ তাকে জিতিয়ে দিয়েছেন। রাজনীতির মাঠে স্মার্ট যুবলীগ লিডার থেকে লিটন পোদ্দার জনপ্রতিনিধি বনে গেলেন। রূপালী বাংলাদেশ প্রতিবেদকের কাছে এসব কথা বলেন অর্ধশতাধিক ভোটার। 

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন 'রূপালী বাংলাদেশ-কে' বলেন, স্মার্ট বগুড়া সদর উপজেলা গড়ে তুলবো। জনগণ সবধরনের আধুনিক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। যুবকদের কর্মসংস্থান, দুস্থদের প্রান্তিক সুবিধা, নারী উন্নয়নে নারীমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। সুস্থ সমাজ গঠনে মাদকের ভয়াবহতা ও সন্ত্রাস নির্মুলে যুবকদের খেলাধুলা, কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে ডিজিটাল বাংলাদেশের সাথে তাদের যুক্ত করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাজকে তিনি সুস্থ ধারার রাজনীতিতে যুক্ত করতে চান। 

শুভাশীষ পোদ্দার লিটন বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মী ও সাধারণ মানুষ তার কাছে গেলে সময় দেন এবং তাদের কথা ধৈর্যের সঙ্গে মনোযোগ দিয়ে শুনে সমাধান দেন। 

মন্তব্য করুন