প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ০২:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ীতে "সন্ত্রাস-জঙ্গীবাদ" নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ জুন) বিকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে মডেল মসজিদ হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ আ: হামিদ জমাদ্দার।
ধর্ম সচিব এ সময় বলেন, ইসলামী সাংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়ার জন্য কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সকলের দ্বায়িত্ব প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজের সহযোগিতা করা। সন্ত্রাস- জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) তিনিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলম, সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।
মন্তব্য করুন